বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে লক্ষ্মীপুর একটি অন্যতম জেলা। লক্ষ্মীপুর জেলা চারটি উপজেলা নিয়ে গঠিত। যার মধ্যে রায়পুর একটি অন্যতম উপজেলা। চারটি উপজেলার মধ্যে চারটি পৌরসভা আছে। যার মধ্যে রায়পুর একটি পৌরসভা। ডাকাতিয়া নদীর তীরবর্তী শহর রায়পুর পৌরসভা। বিভিন্ন নদী, উপনদী, খাল, বিল ও প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা বেষ্টিত এই শহর। নামকরণ: রায়পুর উপজেলা শহরকে ঘিরে রয়েছে এক প্রাচীন ইতিহাস। এ ইতিহাস ঐতিহাসিক নির্ভরযোগ্য সূত্র থেকে বিবৃত হয়েছে বলে দৃঢ়ভাবে বলা যায় না। তবে অনেকে মনে করেন উল্লেখিত সূত্র কিছুটা নির্ভরযোগ্য।
লোকমুখে সবচেয়ে বেশী প্রচলিত ধারনা থেকে জানা যায় তৎকালীন জমিদার রাজা রায়মোহন এর নামানুসারে এ উপজেলার নাম করণ করা হয়েছে রায়পুর। লক্ষ্মীপুর জেলার সবচেয়ে সমৃদ্ধ উপজেলাটির নাম রায়পুর। গত ২০ জানুয়ারী ১৯৯৪ ইং সালে রায়পুর ইউনিয়ন পরিষদকে বিলুপ্ত করে রায়পুর পৌরসভা ঘোষণা করা হয়। প্রধান নদ-নদীর মধ্যে ডাকাতিয়া নদী প্রবাহমান যা পৌরসভার সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
Declaration and Alteration of Municipalities Rules ১৯৭৮ এর অধীনে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে ২০ জানুয়ারি ১৯৯৪ সালে রায়পুর পৌরসভা কে “গ” শ্রেণীর পৌরসভা হিসেবে ঘোষনা করেন। পরবর্তীতে পৌরসভার গুরুত্ব অনুধাবন করে “খ” শ্রেণীর পৌরসভা হিসেবে উন্নিত হয় ১০ অক্টোবর ২০০০ সালে এবং পরবর্তীতে ৯ জানুয়ারী ২০০৫ সালে রায়পুর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভার স্বীকৃতি লাভ করে। বর্তমানে এটি ’ক’ শ্রেণীর একটি পৌরসভা। রায়পুর বর্তমানে জাতীয় সংসদের ২৭৫ নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর -২ এর অংশ। একজন নির্বাচিত মেয়র, ৯ জন ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত আসনে ৩ জন নির্বাচিত মহিলা কাউন্সিলার সমন্বয়ে গঠিত পৌর পরিষদের নেতৃত্বে রায়পুর পৌরসভা পরিচালিত হয়।